স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ নিরাপত্তার দিক থেকে আমেরিকার চেয়ে এগিয়ে। আমরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নই। আমাদের দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। জনগণের সম্মিলিত সহযোগিতায় আমরা বাংলাদেশকে উন্নত দেশের পর্যায় এগিয়ে নিতে চাই।
গতকাল শনিবার ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। আসন্ন পৌর নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, কোনো সংঘাত নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে শান্তিপূর্ণভাবে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এতোদিন সুষ্ঠু নির্বাচন হয়েছে, আগামীতেও নির্বাচন সুষ্ঠু হবে। ভোলা জেলা পুলিশ সুপার মনিরুজ্জামানের সভাপতিত্বে দক্ষিণ আইচা থানা চত্বরের সুধী সমাবেশে বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং এডিশনাল আইজিপি মো. মোখলেসুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-মহাপরিদর্শক হুমায়ুন কবির, জেলা প্রশাসক সেলিম রেজা।
প্রতি উপজেলায় ফায়ার সার্ভিস
মনপুরা (ভোলা) সংবাদদাতা জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশ আজ উন্নয়নের দিকে যাচ্ছে। দেশের সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। প্রত্যেক উপজেলায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে ফায়ার সার্ভিস স্থাপন করার কাজ চলছে। গতকাল শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সুধী সমাবেশে উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।