ভ্যালেন্সিয়ায় থামলো বার্সেলোনার জয়রথ

ইংলিশ ফুটবলার গ্যারি নেভিলের ভ্যালেন্সিয়ার হয়ে কোচিং অধ্যায়ের শুরুটা ভালোই হল। দুর্দান্ত বেগে ছুটতে থাকা বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তার দল।

প্রথমার্ধে একচেটিয়া খেলে একের পর এক আক্রমণ রচনা করে বার্সেলোনা। তবে লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেজ লক্ষ্যভেদ করতে পারেননি। বেশিরভাগ সময় ভ্যালেন্সিয়ার ১১ জন খেলোয়াড়ই ছিল নিজেদের অর্ধে। ষষ্ঠ মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। ডি-বক্সে ঢুকে পড়া নেইমারের শট চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।

 

IMG0

২৬তম মিনিটে খুব সহজ একটি গোলের সুযোগ হারান মেসি। দুর্দান্ত খেলতে থাকা নেইমার পায়ের জাদুতে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বল বাড়িয়েছিলেন মেসিকে। আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বল মেরে দেন গোলরক্ষক বরাবর।

৩৪তম মিনিটে বার্সেলোনার আক্রমণত্রয়ীর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। মেসি দুর্দান্ত গতিতে ছুটে গিয়ে বল দিয়েছিলেন বাঁ দিকে থাকা নেইমারকে। ব্রাজিল তারকার ক্রসে সুয়ারেজের ভলি ক্রসবারের একটু উপর দিয়ে যায়। পরের মিনিটেই আসে আরেকটি সুযোগ। এবার মেসি বল দিয়েছিলেন ডানে থাকা সুয়ারেজকে। উরুগুয়ের এই ফরোয়ার্ডের ক্রস ফাঁকায় থাকা নেইমারের নাগালের বাইরে দিয়ে যায়।

IMG1

বিরতির পর আক্রমণের ধার কমেনি বার্সেলোনার। ৫৯তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। মেসির উঁচু পাস থেকে ডি-বক্সে বল পেয়ে দুরূহ কোণ থেকে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই তারকা। লা লিগায় এ মৌসুমে সুয়ারেজের গোল হলো ১৩টি। গোলদাতাদের তালিকায় ১৪ গোল করে সবার উপরে আছেন নেইমার।

৭৪তম মিনিটে বল নিয়ে দারুণ গতিতে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে এগিয়ে শট নিয়েছিলেন নেইমার। কিন্তু বল লক্ষ্যে থাকেনি।

ম্যাচের নির্ধারিত সময় শেষের ১২ মিনিট আগে গোলের প্রথম ভালো সুযোগটা পায় ভ্যালেন্সিয়া। রদ্রিগো দে পলের শট কোনোমতে ঠেকান গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

৮৬তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। লম্বা বাড়ানো বল দারুণভাবে নামিয়ে পাকো আলকাসার বাড়িয়েছিলেন সান্তি মিনাকে। জোরাল শটে ব্রাভোকে পরাস্ত করেন তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ড।

যোগ করা সময়ে মেসির জোরাল শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। গোল ডটকম।