ইত্তেফাক রিপোর্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর দিলকুশায় নির্মিতব্য বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ভবনের নকশাটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দেখেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘স্থাপত্য বিভাগের প্রধান নির্বাহী স্থপতি কাজী গোলাম নাসির গতকাল রবিবার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নকশাটির ব্যাখ্যা করেন।’ তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ সরকারি কর্মচারী কল্যাণ ভবনের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নকশা সম্পর্কিত কিছু নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে আবারো বসার জন্য বলেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।