রায়পুরে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরের রায়পুরে মাহিদুল ইসলাম মাদু (৩৭) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রায়পুর উপজেলা থেকে বাড়ি ফেরার পথে দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাদু পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও একই এলাকার টুকু মিয়া বেপারী ছেলে।
 
রায়পুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল বলেন, 'পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করতে যুবলীগ নেতা মাহিদুলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'