কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব প্রবাসীর এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংগঠিত ওই ডাকাতির ঘটনায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা ও প্রায় লক্ষাধীক টাকার মালামাল লুট হয়েছে। এ সময় প্রবাসীকে পিটিয়ে আহত করেছে সশস্ত্র ডাকাত দল। 
 
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। 
 
ডাকাতির শিকার প্রবাসীর বাবা মো. হানিফা আকন্দ জানান, তার সৌদি আরব প্রবাসী ছেলে আলমগীর আকন্দ গত এক মাস আগে ছুটিতে বাড়ি আসে। কিন্তু শনিবার দিবাগত রাত ২টার দিকে ১৫/১৬ জনের গেঞ্জি, হাফ প্যান্ট ও মুখোশ পড়া একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে বাড়ির সব ঘরে বাইরে থেকে শিকল আটকে দেয়। পরে মূল গেইটের তালা ভেঙ্গে অপর একটি ঘরে ঢুকে। এ সময় পরিবারের সবাইকে রশি দিয়ে হাত-পা বেঁধে এবং কাপড় ও টেপ দিয়ে মুখ বন্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, ১০ ভরি স্বর্ণারঙ্কার, ১টি ল্যাপটপ, তাদের ব্যবহৃত ৭টি এন্ডোএইড মোবাইল সেট ও বিদেশি কাপড়-চোপর লুট করে নিয়ে যায়। 
 
তিনি আরো জানান, প্রবাসী পরিবারের লোকজনকে বেঁধে রাখা হয়েছিল। পরে এই অবস্থা থেকে একজন ছাড়া পেয়ে বাকিদের ছাড়িয়ে নেয়। পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় ওই প্রবাসীকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 
 
এদিকে ঘটনার পর রাতেই কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।   
 
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংগঠিত ডাকাতির ঘটনায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেয়া হবে।