মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
রবিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।
পঞ্চগড় মোটর মালিক সমিতির সভাপতি ইকবাল কায়সার মিন্টু এই তথ্য জানিয়ে বলেন, সরকারের নিষেধাজ্ঞার পরও পঞ্চগড়ের মহাসড়কে থ্রী হুইলার, পাগলু, নসিমন, করিমন ও ভটভটি চলাচল করছে। বিষয়টি নিয়ে গত মাসের ৮ তারিখ থেকে ধর্মঘটের ডাক দেয়া হলেও জেলা প্রশাসকের আশ্বাসে তা স্থগিত করা হয়।
তিনি আরো বলেন, ৩০ নভেম্বরের মধ্যে দাবি মেনে না নিলে ৬ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার কথা প্রশাসনকে জানানো হয় ওইদিন। সময়সীমার মধ্যে তিন চাকার যান চলাচল বন্ধে উদ্যোগ না নেয়ায় এ ধর্মঘট শুরু করা হয়েছে।
ধর্মঘট প্রত্যাহার ও দাবি নিয়ে আলোচনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান করা হয়েছে বলে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান।