দুই মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

 
নীলফামারীর জলঢাকায় দুই শিশু কন্যাকে হত্যা করে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করেছে এক মা। ঘটনাটি উপজেলার কাঁঠালী ইউনিয়নের দক্ষিন দেশীবাই আশ্রয়নে। স্থানীয় জনগণ ও পুলিশের ধারনা প্রথমে কন্যা শিশু দুটিকে হত্যা করে পরে মা নিজেই আত্মহত্যা করে।
 
রবিবার সকাল ৯ টায় স্থানীয় লোকজন আশরাফ আলীর স্ত্রী ফেন্সি বেগম (৩২) ও তার দুই কন্যা আকলিমা  (৫), খাদিজা (৩) এর মরাদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে জলঢাকা থানা অফিসার ইনচার্জ দিলওয়ার হাসান ইনাম ও পুলিশের কয়েকজন কর্মকর্তা গিয়ে ওই গৃহবধুর ঝুলন্ত লাশ ও কন্যা শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তাদের লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়।
 
এ ঘটনায় জলঢাকা থানায় মৃত ফেন্সি বেগমের মা নুর বানু বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছেন।
 
অপরদিকে মৃত ফেন্সি বেগমকে সন্দেহ ভাজন উল্লেখ করে তার স্বামী আশরাফ আলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান জলঢাকা থানার অফিসার ইনচার্জ দিলওয়ার হাসান ইনাম।