ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের ভেন্যু নিয়ে এক মাসের বেশি সময় যাবত আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত এ মাসের মাঝামাঝি সময়ে শ্রীলংকার মাটিতে সংক্ষিপ্ত ভার্সনের একটি সিরিজ খেলতে প্রাথমিকভাবে সম্মত হয় উভয় দেশের বোর্ড।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজ সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলেও প্রতিপক্ষ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে চূড়ান্ত কোন জবাব পায়নি। তাই প্রস্তাবিত এ সিরিজের বিষয়ে আগামীকাল সোমবারের মধ্যে ভারতের কাছ থেকে জবাব চায় পিসিবি।
পিসিবির একটি সূত্র মতে, এ সিরিজের বিষয়ে আগামীকালের (৭ ডিসেম্বর) মধ্যে সুস্পষ্ট জবাব চেয়ে শনিবার বিসিসিআই’র কাছে একটি চিঠি লিখেছে পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ। সোমবারের মধ্যে কোন জবাব না পেলে আপনাআপনিই এ সিরিজ বাতিল হয়ে যাবে বলে মনে করছে পিসিবি।
সংযুক্ত আরব আমিরাতে নিজেদের এ হোম সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবি। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে। এরপর নিজ মাঠে সিরিজ খেলেতে ভারতের প্রস্তাব প্রত্যাখ্যান করে পিসিবি।
প্রস্তাবিত এ সিরিজের প্রস্তুতির জন্য যেহেতু খুব বেশি সময় বাকি নেই, তাই বৃহস্পতিবার সকালে এ বিষয়ে যে কোন সিদ্ধান্ত নিতে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান। সাংবাদিকদের তিনি বলেন, প্রস্তাবিত এ সিরিজ মাঠে গড়ালে তার প্রস্তুতির জন্য খুব বেশি সময় নেই। তারা যে সিদ্ধান্তই নিক তা আমাদের জানানো উচিত। বাসস।