সিলেটে তিন পৌরসভায় বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ছয় মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার এই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বলেছেন, গোলাপগঞ্জে তিন জন, কানাইঘাটে দুই জন ও জকিগঞ্জে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই তিন পৌরসভায় এখন মেয়র পদে ১৭ জন প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-গোলাপগঞ্জে বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জাতীয় পার্টির সোহেদ আহমদ ও খেলাফত মজলিসের আমিনুল ইসলাম। কানাইঘাটে আওয়ামী লীগের বিদ্রোহী সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের ইসলাম উদ্দিন ও জকিগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ।
আজিজুল ইসলাম জানান, ঋণখেলাপী হওয়ায় গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, ইনকাম টেক্স রিটার্ন সার্টিফিকেট দাখিল না করায় সোহেদ আহমদ ও নির্বাচনী ব্যয় নির্বাহের ফরম পূরণ না করায় আমুিনল ইসলাম, মনোনয়নপত্রে শনাক্তকারীর স্বাক্ষর না থাকায় সিরাজুল ইসলাম, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলাম উদ্দিন ও মামলা নিষ্পত্তির প্রমাণ দাখিল না করায় ফারুক আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।