গাংনীতে ৩ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

 
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। রবিবার দুপুরে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং অফিসার রোকনুজ্জামান।
 
ঐ প্রার্থীরা হলেন- ৯নং ওয়ার্ডের মাসুদুর রহমান ও আব্দুল জলিল ও ২নং ওয়ার্ডের আব্দুল মান্নান।
 
আয়-ব্যয়ের ফরম ও হলফনামায় প্রার্থীদের স্বাক্ষর না থাকা এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর ঠিক না থাকায় এসকল প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার।
 
গাংনী পৌর সভার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে গত ৩ ডিসেম্বর ৩১ জন কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে তিন জনের বাতিল এবং ২৮ জনের প্রার্থীতা বৈধ বলে গণ্য করেছেন রিটার্নিং অফিসার। তবে এই বিষয়ে আপিল করকে অনীহার কথা জানিয়েছেন ঐ তিন প্রার্থী।
 
যাচাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন, মনোনয়নপত্র প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীরা।
 
এর আগে শনিবার মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে দাখিলকৃত ১৭ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।