‘২০২২ সালে পার-কেপিটা ৪ হাজার ডলারে পৌঁছে যাবে’

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিশ্ব ব্যাংক ঘোষণা করেছে বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশে পৌঁছে গেছে। 
 
তিনি বলেন, আজ আমাদের পার কেপিটাল ১ হাজার ৪শ ডলারের ওপরে পৌঁছে গেছে, আমরা শুরু করছিলাম ৪৫০ ডলার পার কেপিটাল নিয়ে, গত ৪/৫ বছরে ১৪শ ডলারে এসে দাঁড়িয়েছি । 
 
রবিবার দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, আগামী ২০২২ সালে পার কেপিটাল আয় ৪ হাজার ডলারে পর্যন্ত পৌঁছে যেতে পারবো।  
 
মন্ত্রী আরো বলেন, আগামী দুই মাসের মধ্যে ফরিদপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। এরই মধ্যে ফরিদপুরকে বিভাগীয় হেড কোয়ার্টার করার প্রক্রিয়া শুরু হয়েছে। 
 
তিনি বলেন, ফরিদপুরে বিনিয়োগের সম্পূর্ণ অনুকুল পরিবেশ বিরাজ করছে। এটি বিনিয়োগের জন্য দেশের মধ্যে এক নম্বর জেলা। এর আগে মন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
 
ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ মৌলভীবাজারে সার্বিক পরিচালানায় মেলার উদ্বোধনী অনুষ্টানে সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান, উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ বক্তব্য রাখেন।
 
মেলায় বাংলাদেশ, নেপাল ও ভারতের মোট ৮৪টি স্টল রয়েছে। এছাড়াও বিনোদনের জন্য সার্কাস, র‌্যাফেল ড্র এবং খাদ্য সামগ্রীর স্টল থাকবে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশ মূল্য ১০টাকা তবে শিক্ষার্থীদের জন্য অর্ধেক মূল্য এবং ৫ বছরের নিচের শিশুদের ক্ষেত্রে কোন প্রবেশ মূল্য লাগবে না।