বাগেরহাটে ছাত্রীকে পুড়িয়ে হত্যা: দোষীদের বিচার দাবিতে মানববন্ধন

বাগেরহাটের কচুয়া উপজেলায় কেরোসিন ঢেলে কলেজ-ছাত্রী সোনিয়া আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন করেছে। প্রসঙ্গত, বিবাহিত সোনিয়া উপজেলার শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী কলেজের বিবিএ’র দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
 
রবিবার দুপুরে উপজেলা সদরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা সোনিয়ার হত্যাকারী তার স্বামী মন্টু আকনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে তাদের ফাঁসির দাবি জানায়।
 
এতে ওই কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস নাজমা সরোয়ার, বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  মীর ফজলে সাইদ ডাবলু প্রমুখ বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, এক বছর আগে মোবাইলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামের মন্টু আকনের সঙ্গে সোনিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই পরিচয়ের সূত্র ধরে ঈদের সময় সোনিয়া পালিয়ে গিয়ে মন্টুকে বিয়ে করে। পরে সোনিয়া জানতে পারেন মন্টু বিবাহিত। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়।এরই জের ধরে ২৬ নভেম্বর সোনিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মন্টু। কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নয়দিন পর শনিবার সকালে তিনি মারা যান।