নাটোরে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী আটক

নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী পুলিশের হাতে আটক হয়েছেন।
 
এর আগে রবিবার মামলার অভিযোগে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করে।
 
জানা গেছে, পৌরসভার ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও ধামানিয়াপাড়া গ্রামের সাহের উদ্দিনের ছেলে নবীর উদ্দিন (৫০) আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী হিসাবে নিয়মমাফিক মনোনয়নপত্র জমা দেন। রবিবার সকালে তিনি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ইউএনও অফিসে যান। তিনি মামলার আসামি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।
 
বড়াইগ্রাম থানার এসআই মহিউদ্দিন জানান, মনোনয়ন জমাদানের দুইদিন আগে তার ভাগিনা বধূ তারজিনা খাতুন বাদী হয়ে তিনিসহ তিনজনের নামে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে মামলা করেছেন। এ মামলায় জামিন না নেয়ায় তাকে আটক করা হয়েছে। 
 
পৌর জামায়াতের আমীর আবু বকর সিদ্দিকের অভিযোগ, ‘নির্বাচন থেকে বাইরে রাখতেই পরিকল্পিতভাবে তাকে এ মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
 
তিনি বলেন,‘তিনিও মামলার বিষয়টি জানতেন না। তার প্রার্থীতার বিষয়ে আপিল করা হবে।’