বাথরুম থেকে নিট’র উপ-পরিচালককে উদ্ধার

সিলেট নগরীর পুরান লেনে ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (নিট) সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের বাথরুম থেকে আড়াই ঘণ্টা পর রবিবার সন্ধ্যায় নিট’র উপ-পরিচালক দাবিদার আনোয়ার হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। তিনি শিক্ষার্থীদের রোষানলে পড়ে বাথরুমে আশ্রয় নেন। 
 
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আনোয়ার হোসেনকে বাথরুম থেকে বের করে তার পরিচয়পত্রের বিষয়ে জিজ্ঞেস করা হয়। তিনি পরিচয়পত্র দেখাতে পারেননি। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে কোনো সুদুত্তর দিতে না পারায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
 
নিট ২০১২ সাল থেকে সিলেটে জেনারেল প্রেকটিশনার, কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের যেসব সার্টিফিকেট দেয়, তার কোনো প্রমাণ তাদের নিজস্ব ওয়েবসাইটে নেই। এজন্য শিক্ষার্থীরা সার্টিফিকেট নিয়ে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করলে তা বাতিল হয়ে যায়। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে গেলেও এর কোনো সুরাহা হয়নি। রবিবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুরানলেনস্থ নিট বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে জড়ো হয়। তারা সেখানে উপস্থিত থাকা নিট’র উপ-পরিচালক দাবিদার আনোয়ার হোসেনের দিকে মারমুখী হলে তিনি বাথরুমে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
 
নিটর উপ-পরিচালক দাবিদার আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীরা সিলেট বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার হাফিজ আল আসাদকে মারধর করে। ওই ঘটনার মীমাংসার জন্য তিনি সিলেট আসেন। রবিবার সকালে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বিভিন্ন অভিযোগ শুনেন। শিক্ষার্থীরা তার পরিচয়ের প্রমাণ চাইলে তিনি তা দেখাতে পারেননি। একপর্যায়ে বিকেলের দিকে শিক্ষার্থীরা তার দিকে মারমুখী হয়ে ওঠলে তিনি বাথরুমে আশ্রয় নেন।
 
ওই প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা জানান, এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ২০১২ সাল থেকে যারা সার্টিফিকেট পেয়েছে তাদের সার্টিফিকেট নিট’র ওয়েবসাইটে নেই। সার্টিফিকেটে কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। মেডিক্যালের শিক্ষক দিয়ে কম্পিপউটারসহ বিভিন্ন বিষয়ে ক্লাস নেয়া হয়। এসব বিষয়ে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার হাফিজকে চাপ দিতে থাকে। এর পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা থেকে আনোয়ার হোসেন আসেন। কিন্তু তিনিও নিট’র কোনো কাগজপত্র দেখাতে পারেননি।