বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসচাপায় দুইজন পান ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার উপজেলাধীন খুলনা-মাওয়া মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সন্ধ্যা পৌনে সাতটায় খুলনা থেকে গোপলগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস ওই সড়কের তেলিপুকুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী মানসা গ্রামের দুলাল পালের পুত্র দিলিপ পাল (৪৫) নিহত হন। অপর পান ব্যবসায়ী রূপসার তালতলা গ্রামের লক্ষন পালকে (২৭) কে হাসপাতালে নেয়ার পথে মারা যান। ভ্যানে থাকা অপর পান ব্যবসায়ী বিলাস দাস, সুখ সাহা, ভ্যান চালক ইদ্রীস ও বাসের যাত্রী অজ্ঞাত নারী গুরুতর আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। আহতরা মানসা ও গিলাতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মান্নান ফারাজি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।