ল্যাবএইডকে ভ্রাম্যমাণ আদালতের ১৫ লাখ টাকা জরিমানা

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছে । অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে এ জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় র‌্যাব -১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এ জরিমানা করেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট ফিরোজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, “অভিযানে অনুমোদনহীন ২৬ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকার বেশি। অনুমোদনহীন ওষুধ রাখায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রোগীদের ভেজাল ওষুধ সরবরাহের দায়ে ওখানকার এক চিকিৎসক সহকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”
 
জানা গেছে জরিমানা করা চিকিৎসক সহকারীর নাম নজরুল ইসলাম। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক আলী হোসেনের সহকারী। নজরুল ইসলাম দুটি ওষুধ মিশিয়ে নতুন এক ধরনের ওষুধ বানিয়ে তার রোগীদের কাছে বিক্রি করেন।

জরিমানার টাকা আদায় করা হয়েছে।