জালালাবাদ গ্যাস ক্ষেত্রের তিনটি কূপ হতে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গতকাল রবিবার এ গ্যাস উত্তোলনের উদ্বোধন করেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শেভরন বাংলাদেশের উদ্যোগে গ্যাস উত্তোলন শুরু হওয়া কূপগুলো হলো জেবি-৬, জেবি-৭ এবং জেবি-৯। ২০১৬ সালের প্রথম দিকেই জেবি-৮ কূপটি উদ্বোধন করা হবে। কূপগুলো থেকে দৈনিক ১৩ কোটি ঘনফুট (১৩০ এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে আসবে। জালালাবাদ গ্যাস ক্ষেত্রে শেভরন বাংলাদেশ ব্লক-১৩ ও ব্লক-১৪ তে কূপ খনন করে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস ক্ষেত্রগুলোতে গ্যাস উত্তোলনসহ নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি। নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে সরকার কাজ করছে। উন্নয়ন ও অগ্রগতি ক্রমবর্ধমান হওয়ায় জ্বালানির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ চাহিদা মেটাতে গ্যাসের পাশাপাশি কয়লা, এলএনজি ও এলপি গ্যাসকে আমরা কাজে লাগাচ্ছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ ও শেভরন বাংলাদেশ’র সভাপতি কেভিন লিয়ন প্রমুখ।