স্বেচ্ছায় সরে দাঁড়ালেন মুশফিক!

তার অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন ছিলো। বিশেষ করে প্রথম তিন ম্যাচে ১ রান, ১ রান ও ৬ রানে হারের পেছনে তার ভুল ছিলো কি না, এমন আলোচনায় বেশ সরগরম ছিলো সিলেট সুপারস্টার্সের সমর্থক শিবির। 
 
তবে আলোচনাটা আর খুব বেশি লম্বা হতে দিলেন না মুশফিকুর রহিম। সিলেট দলের প্রতিনিধিদের দাবি অনুযায়ী, গতকালের ম্যাচের আগে নিজেই সরে দাঁড়িয়েছেন অধিনায়কত্ব থেকে।
 
গতকাল মুশফিকুর রহিমের বদলে সিলেটের হয়ে টস করতে উইকেটে গিয়েছিলেন দলটির পাকিস্তানী তারকা শহীদ আফ্রিদি। আফ্রিদি টসের পরই বলে গেলেন, মুশফিক (অধিনায়কত্ব করতে) স্বাচ্ছন্দ্য বোধ করছিলো না। সে এটা মালিককে বলেছে।
 
আফ্রিদির বলা এই কথাটাই নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন কোচ সারওয়ার ইমরানও। তিনিও বললেন, তিনি শুনেছেন মুশফিক নিজেই সরে দাঁড়িয়েছেন এই দায়িত্ব থেকে, আমি যতদূর জানি আর কি,  শুনেছি... শিওর না... মুশফিক নিজে থেকেই বলছে ক্যাপ্টেন্সি বদল করলে ভালো হয়। কারণ এত চাপ... একটা ছেলে কিপিং করছে, ক্যাপ্টেন্সি করছে। আবার দুটো ১ রানে হার, একটি ৬ রানে হার—ও একটু রিলিভ চাচ্ছিলো। আমি এই ব্যাপারে এত জানি না। শহীদ আফ্রিদি মুশফিককে বলেছিল ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে, তবে মুশফিক বলেছে আফ্রিদিকে করতে।
 
 
মুশফিকের অধিনায়কত্ব নিয়ে ঠিক সমালোচনা করলেন না। তবে প্রথম তিন ম্যাচের ওই হার যে তার এবং দলের ফোকাস নাড়িয়ে দিয়েছিলো, সেটা বারবারই বললেন সিলেট কোচ, যে কোনো দল পরপর তিনটা ম্যাচ ১ রানে, ১ রানে, ৬ রানে হারলে ফোকাস রাখা কঠিন হয়। অনেকে বলছে- লাক, একেকজন একেক কথা বলছে। কোচ হিসেবে আমি দেখছিলাম যে আমাদের ফিনিশার ছিল না। লাক তো হতেই পারে। কিন্তু লাক তাকেই ফেভার করে যে অসম্ভব কাজ করতে পারে। তবে শুধু ভাগ্যের দোষ দিলে হবে না, নিজেরাই পারিনি।
 
কোচের দাবি—এখন দল দারুণ উজ্জীবিত অবস্থায় আছে। তাতে নতুন অধিনায়ক আফ্রিদি যেমন ভূমিকা রাখছেন, তেমনই মুশফিকও আফ্রিদিকে সহায়তা করছেন বলে দাবি করলেন ইমরান, নতুন ক্যাপ্টেন হওয়ার পরে আমাদের ছোট ছোট কিছু মিটিং হয়েছে। নতুন অধিনায়ক সেভাবেই দলকে উজ্জীবিত করেছে। মুশফিক পুরো সহায়তা করেছে। আমাদের সিদ্ধান্ত ছিল, আফ্রিদিকে শতভাগ সহায়তা করবে মুশফিক ও রবি বোপারা। আজকে সেভাবেই মাঠ সাজানো হয়েছে ও ফোকাস সেরকমই ছিল। বোলিং চেঞ্জ থেকে শুরু করে সবকিছু মুশফিকের সঙ্গে আলোচনা করে করেছে। বোপারাও অনেক অভিজ্ঞতা আছে এখানে খেলার। এজন্যই আমি পরিকল্পনা দিয়েছি তিনজন মাঠে ক্যাপ্টেন্সি করবে। অফিসিয়ালি অধিনায়ক আফ্রিদি। 
 
তবে ইমরান এটা মানছেন যে, ফলাফল পেতে তাদের এই কিছু বদল দরকার ছিলো, আমাদের সামনে চারটি ম্যাচই নক আউট ম্যাচ। কিছু বদল দরকার। আমরা চার ম্যাচ হারলাম, পরে জিতলাম, আবার হারলাম। এজন্য বদল চাইলাম। আমরা চাইনি। এটা মুশফিক চেয়েছে। এখন আমরা আশা করি সামনের ম্যাচগুলোকে নক আউট হিসেবে নিয়ে এগোতে পারবো।