জানুয়ারিতে দলবদলে অর্থ খরচ করবে না চেলসি

প্রিমিয়ার লিগে প্রথম ১৫ ম্যাচের আটটিতেই পরাজিত হয়ে দারুণ বিপাকে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, কিন্তু তারপরে আগামী মাসে শীতকালীন দলবদলের বাজারে অর্থ ব্যয় না করার ইঙ্গিতই দিয়েছেন ক্লাবটির কোচ হোসে মরিনহো। ক্লাব মালিক রোমান আব্রামোভিচের কাছে এজন্য বাড়তি অর্থও চাইবে না ব্লুজরা।
 
শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ঘরের মাঠে প্রিমিয়ার লিগে নতুন খেলতে আসা বোর্নমাউথের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে চেলসি। ৮২ মিনিটে জয়সূচক গোলটি করেন বদলী খেলোয়াড় গ্লেন মারে। এই পরাজয়ে গতবারের চ্যাম্পিয়নরা ১৪তম স্থানে নেমে গেছে। তবে আগের ম্যাচগুলোর ফলাফল যাই হোক না কেন একেবারে নতুন দল বোর্নমাউথের কাছে পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না মরিনহো। বিশেষ করে যেখানে শীর্ষ পর্যায়ের খেলায় কখনই নিজেদের ঘরের বাইরে এখন পর্যন্ত জিততে পারেনি বোর্নমাউথরা। 
 
কিন্তু তারপরেও মরিনহো তার আগের কথাতেই অটল রয়েছে। অন্তত আব্রামোভিচকে জানুয়ারিতে দলবদলের জন্য কোন ধরনের অনুরোধ তিনি করবেন না। এ সম্পর্কে তিনি বলেন, আবারো আমি একটি কথা স্পষ্ট করে বলতে চাই, নতুন খেলোয়াড় দলে নেবার কোন অধিকার আমাদের নেই। আমরা এই স্কোয়াড নিয়েই মৌসুম শুরু করেছিলাম। খেলোয়াড়দের অবশ্যই নিজেদের পারফরমেন্সের উন্নতি করা উচিত ছিল। এখন বেশী গুরুত্বপূর্ণ যে খেলোয়াড়রা আছে তাদের দ্রুত ফর্মে ফেরা, দলবদলের দিকে তাকিয়ে থাকাটা মুখ্য নয়। খেলোয়াড়দের নিজ নিজ দায়িত্ব বুঝতে হবে। আমি যখন ক্লাবের কথা বলবো তার অর্থ হচ্ছে এর মালিক ও বোর্ডের কথা বলছি। তারা বাজে সময়ের জন্য দায়ী নয়। বাজে সময়ের জন্য আমি ও খেলোয়াড়রাই দায়ী।
 
শনিবারের ম্যাচ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মরিনহো বলেছেন, এই ফলাফল মোটেই কাম্য নয়। যেখানে আমরা একটি ভাল মুহূর্তের অপেক্ষায় আছি। যদিও গোলটি অফসাইড ছিল। রেফারী ও লাইন্সম্যান দারুণ একটি ভুল করেছে।  বাসস।