চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশসহ ১২ জন আহত হয়েছেন। রবিবার রাত দেড়টার দিকে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী এলাকায় এই ঘটনা ঘটে।
আহত এএসআই আশরাফুল (৩৫) ও কনস্টেবল আনোয়ার হোসেন (২৯), গৃহকর্তা মাস্টার আবদুল করিম হেলাল (৩৫), আবদুর রহিম (৩২), মোছাম্মত্ পাখি আকতার (২৮), মোহাম্মদ আবদুল খালেদ (২৫), শাহেদা আকতার (২৮), সেনুয়ারা বেগম (৯৫), ও শাহ আলমকে (৪২) বাঁশখালী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাঁশখালী থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে গুনাগরী এলাকার প্রবাসী হেলাল উদ্দিনের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় পরিবারের সদস্য চিত্কার শুরু করলে ডাকাতরা কুপিয়ে পরিবারের নারী-পুরুষদের আহত করে। খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসীরা ঘটনাস্থলে গেলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। ঘণ্টাব্যাপী ডাকাত দলের সঙ্গে পুলিশ ও গ্রামবাসীর ত্রিমুখী সংঘর্ষ হয়। ডাকাতরা পালিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ডাকাতের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ডাকাত পড়ার খবর পেয়ে পুলিশের সাথে এলাকাবাসীও এগিয়ে এসে। এসময় গোলাগুলির ঘটনায় এক ডাকাত নিহত হয়েছে। এছাড়া দুই পুলিশসহ কয়েকজন আহত হন।