বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

 
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে বগুড়া-রংপুর মহাসড়ক ও মাটিডালী-পীরগাছা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-সবজি বিক্রেতা মন্টু মিয়া (২৮) ও ভ্যান চালক জামিনুর রহমান সরদার (২৯)। মন্টু কালীবালা গ্রামের আবুল হোসেনের ছেলে এবং আমিনুর সাখারিয়া গ্রামের মৃত খাদেম আলী সরদারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে সবজি বোঝাই ভ্যান নিয়ে মন্টু শহরে আসছিলেন। তিনি মাটিডালি-পীরগাছা সড়কের কালীবালা নামক স্থানে পৌঁছালে বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
এদিকে, সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালি এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ভ্যানচালক জামিনুর মারা যান।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মোসাদ্দেক আলী জানান, নিহতদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে ।