ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেফতার

৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ায় রেলওয়ে পুলিশের দুই  কনস্টেবলকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার উনচুরকী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এনামুল হক (২৬) এবং সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী গ্রামের মোখলেছার রহমানের ছেলে মেহেদী হাসান (২৫)। তারা দু’জনেই চট্রগ্রাম রেলওয়ে পুলিশে কর্মরত।


র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা রোববার রাত সাড়ে ৯ টায় গ্রেফতারদের গাবতলী মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে গাবতলি থানা পুলিশ।


জানা গেছে, রবিবার দুপুর দেড়টার দিকে র‍্যাব সদস্যরা গাবতলী পুরান বাজার এলাকায় রেল স্টেশনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় সন্দেহ হওয়ায় র‍্যাব সদস্যরা দু’জনকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশীকালে  দু’জনের প্যান্টের পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়।


পরে তাদেরকে বগুড়া র‍্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ৯টার দিকে গাবতলী মডেল থানয় হস্তান্তর করা হয়। র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদের পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দেয়। সেইসাথে তারা জানায় যে,  তারা বর্তমানে চট্টগ্রাম  রেলওয়ে পুলিশে কর্মরত আছেন।


গ্রেফতারকৃত দুই পুলিশ কনস্টেবল জানিয়েছেন, ছুটিতে বাড়ীতে আসার সময় তারা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সাথে করে নিয়ে আসেন।


এ ঘটনায় র‍্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল ওয়াদুদ মিয়া বাদী হয়ে গাবতলী মডেল থানায় গ্রেফতারকৃত দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।