শিবপুর হানাদার মুক্ত দিবস ৮ ডিসেম্বর

নরসিংদীর শিবপুর হানাদার মুক্ত দিবস মঙ্গলবার (৮ ডিসেম্বর)। ১৯৭১ সালের ডিসেম্বরে তৎকালীন শিবপুর থানার ‘পুটিয়া’র যুদ্ধই ছিল সবচেয়ে গুরত্বপূর্ণ। এদিনের যুদ্ধে পাক হানাদার বাহিনী কোন রকমে জান বাঁচিয়ে নরসিংদী প্রত্যাবর্তন করে।
 
তৎকালীন নারায়ণগঞ্জ মহকুমাধীন শিবপুর থানা ছিল অত্যন্ত রাজনৈতিক সচেতন এলাকা। শিবপুরের ন্যাপ ও কৃষক নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার সার্বিক তত্বাবধানে ও নেতৃত্বে গড়ে ওঠে বিশাল মুক্তিযোদ্ধা বাহিনী। বলতে গেলে শিবপুর ছিল মুক্তিযোদ্ধাদের অভয়রান্য। যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে রেখেছিল তটস্থ।
 
দেশের সকল এলাকার মতো ডিসেম্বর মাসে নরসিংদী জেলার শিবপুর থানায় পাকবাহিনীর ওপর মুক্তিযোদ্ধাদের আক্রমণ তীব্র হয়। মুক্তিযোদ্ধা ফটিক মাস্টারের নেতৃত্বে বেঙ্গল রেজিমেন্ট সম্মিলিত এফ. এফ ৬২ জনের গ্রুপ গঠিত হয়। ৮ ডিসেম্বর কমান্ডার সাদেকুর রহমান সরকারের নেতৃত্বে ভোর ৪টায় পাকবাহিনী পুটিয়া সংলগ্ন ক্যাম্পে আক্রমণ চালায়। প্রচণ্ড গোলাগুলির পর মুক্তিযোদ্ধারা দখল করে নেয় পাকবাহিনীর ক্যাম্প।
  
এ যুদ্ধে এফ এফ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাদেকুর রহমান সরকার ও মিয়ার উদ্দিন শাহদাৎ বরণ করেন। পুটিয়া রণক্ষেত্রে কমন্ডার সাদেকুর রহমানের ভূমিকাই ছিল অত্যন্ত গুরত্বপূর্ণ।