বগুড়ার শেরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো চাকু ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সুঘাট ইউনিয়নের সদর হাঁসড়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহীদ (৪৩) ও একই গ্রামের খোকন মণ্ডল (২৮)।
জানা গেছে, সোমবার ভোররাতে উপজেলাধীন ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ৭-৮ জনের একদল ডাকাত। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় টের পেয়ে ডাকাতদলের অন্যরা পালিয়ে গেলেও দুই ডাকাতকে ধারাল অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম বলেন, ‘গ্রেফতার দুই ডাকাত আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে শেরপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।’
তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলছে।