কুমিল্লায় ১৮০ টি বিরল প্রজাতির কচ্ছপ জব্দ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির ১৮০ টি কচ্ছপ জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
 
সোমবার উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকা থেকে এসব কচ্ছপ জব্দ করা হয়।  
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই মহাসড়কের মিয়াবাজার এলাকায় হাইওয়ে পুলিশ যাত্রীবাহী একটি বাসের মালামাল রাখার বাক্সে তল্লাশি চালিয়ে তিনটি বস্তাভর্তি এসব বিরল প্রজাতির কচ্ছপ জব্দ করে।
 
মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ নাজিম উদ্দিন জানান, বাসের কেউ জব্দকৃত কচ্ছপগুলোর মালিকানা স্বীকার করেনি। কচ্ছপগুলো মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের কাছে কচ্ছপগুলো হস্তান্তরের প্রক্রিয়া চলছে।