দুই পুলিশের ধর্ষণ কাণ্ড :তরুণীকে অর্ধ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় :হাইকোর্ট

মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই পুলিশ কর্তৃক এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অর্ধ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ ছাড়া রুলে হোটেল-মোটেল, ডাক বাংলো, পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের গেস্ট রুম ও সেফ হোমে নারী ও শিশুদের যৌন হয়রানি থেকে রক্ষায় একটি স্কীম ও গাইড লাইন তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, মানিকগঞ্জের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোঃ আব্দুল হালিম।

এক তরুণীকে ডাক বাংলোতে আটকে রেখে ধর্ষণ করেন সাটুরিয়া থানার এসআই সেকান্দার হোসেন ও এএসআই মাজহারুল ইসলাম। ওই ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি সাটুরিয়া থানায় মামলা করা হয়। এ মামলায় ম্যাজিস্ট্রেট আদালত ওই দুই পুলিশকে ছয় দিনের রিমান্ডে পাঠায়। পরে চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট হাইকোর্টে নির্যাতনের শিকার তরুণীর ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে এ রিট করে।