ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে ৭ দফায় ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট গ্রহণ শুরু আগামী ১১ এপ্রিল এবং শেষ দফার ভোট হবে ১৯ মে। ভোট গণনা হবে ২৩ মে। আবারো নরেন্দ্র মোদীর বিজেপি নাকি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস জোট ক্ষমতায় আসছে, সেটা ওই দিনই জানা যাবে। এবার ভারতের মোট ভোটার ৯০ কোটি। তারা ভোট দেবেন ১০ লাখ ভোট কেন্দ্রে। প্রতিটি ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গেই থাকবে ভিভিপ্যাট যন্ত্র। ভোটার ভোট দিয়ে তত্ক্ষণাত্ দেখে নিতে পারবেন, নিজের পছন্দের প্রার্থীকে ঠিকঠাক ভোট দিতে পারলেন কিনা।
গতকাল রবিবার দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং বিহার রাজ্যে ভোটগ্রহণ হবে ৭ দফায়। গুজরাটে এক দফায়। এছাড়া মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশায় ৪ দফায় ভোটগ্রহণ হবে। জম্মু-কাশ্মিরে ভোটগ্রহণ হবে ৫ দফায়। তিনি জানান, ষোড়শ লোকসভার মেয়াদ শেষ হচ্ছে ৩ জুন। তার আগে ২৭ মে’র মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনও হবে অন্ধ্র প্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল রাজ্যে। তবে রাষ্ট্রপতি শাসন জারি থাকা জম্মু-কাশ্মিরে এখনই বিধানসভা নির্বাচন হচ্ছে না। সেখানে রাষ্ট্রপতি শাসনের ৬ মাসের মেয়াদ শেষ হবে আগামী মে মাসে ভোট হবে।
প্রথম দফার ভোটগ্রহণ হবে ২০ রাজ্যের ৯১ আসনে। দ্বিতীয় দফায় ১৩ রাজ্যের ৯৭, তৃতীয় দফায় ১৪ রাজ্যের ১১৫, চতুর্থ দফায় ৯ রাজ্যের ৭১, পঞ্চম দফায় ৭ রাজ্যের ৫১, ষষ্ঠ দফায় ৭ রাজ্যের ৫৯ এবং সপ্তম দফায় ৮ রাজ্যের ৫৯ আসনে ভোটগ্রহণ হবে।