চাপমুক্ত হয়ে মাঠে থাকছি: মাশরাফি

 
দিনের পর দিন আরো অনন্য হয়ে উঠছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং বা বোলিং কোনোটি না করলেও শুধু দলকে একত্রিত রাখা এবং অধিনায়কত্বের জন্যই তিনি আপাতত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে। ইনজুরির কারণে বোলিং করতে না পারলেও তার অধিনায়কত্বেই আস্থা রেখেছে কুমিল্লা দল। তিনিও দিচ্ছেন সেই আস্থার প্রতিদান।
 
নিজের এই অনন্য ভূমিকা ও দল নিয়ে সোমবার বিস্তারিত কথা বললেন কুমিল্লার অধিনায়ক—
 
প্রথম দল হিসেবে শেষ চারে খেলা নিশ্চিত করে ফেললেন। টুর্নামেন্ট শুরুতে ভাবতে পেরেছিলেন?
 
সত্যি বলতে প্রথম ম্যাচের আগে যখন টিম বানাতে বসেছি কোচের সঙ্গে তখন এমন একটা অবস্থা হয়ে যাচ্ছিল যে, পাঁচটা বোলার নিলে ছয়টা ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। একটা ব্যাটসম্যান বাড়াতে গেলে জেনুইন বোলার থাকছে চার জন মাত্র! সে সময় কঠিন মনে হচ্ছিল। কিন্তু টিম নিয়ে চিন্তা করিনি। যেটা পেয়েছি সেটা নিয়ে সামনে এগুতে হবে। আল্লাহর রহমতে আমরা ভালো খেলেছি এবং এখন একটা ভালো জায়গায় এসেছি।
 
ফ্রাঞ্চাইজি মালিকদের কাছ থেকে কতোটা সহায়তা পেয়েছেন?
 
এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কোচ ও অধিনায়ককে নেওয়া হয় তারাই পরিকল্পনা করবে। তবে ফ্রেঞ্চাইজি টুর্নামেন্টে মালিকপক্ষের ব্যক্তব্য থাকতে পারে। কিন্তু এটা চাপিয়ে দেওয়া কিছু না। আমি ধন্যবাদ দেবো আমাদের মালিকপক্ষকে। একটা উদাহরণ দেই, রাব্বি ইনজুরিতে ছিল। কিন্তু টুর্নামেন্টের শুরুতেই তার পঞ্চাশ ভাগ টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু জানতাম যে সে আউট অফ দ্য টুর্নামেন্ট। এটা জেনেও যে তাকে পঞ্চাশ ভাগ টাকা দেওয়া হয়েছে। এ রকম সব ব্যাপার সবাইকে অনুপ্রাণিত করেছে।