রাজধানীতে বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

 

কমলাপুর বাস স্ট্যান্ডের সামনের সড়কে বলাকা পরিবহনের বাস চাপ‍ায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে।  এ ঘটনায় রিকশাচালকসহ ৬ জন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।

 

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি কমলাপুরের পলিন গার্মেন্টসে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

 

সোমবার রাত সাড়ে ৮টার দিকে দুই বাসের প্রতিযোগিতার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পলিন গার্মেন্টেসের শ্রমিকরা রাস্তা ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করে।

 

শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ জানান, রাত পৌনে ৯টার দিকে বলাকা ট্রান্সপোর্টের বাস একটি রিকশাকে ধাক্কা দিলে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, রেহানা বেগম (২৭), হাজেরা বেগম (৩০) ও জসিম (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  চালকসহ বাসটি আটক করা হয়েছে।

 

ঘটনার পর পলিন গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে আসে এবং বিক্ষোভ করে। এতে যান যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।