তামিমের পর বোলারদের দিকে চেয়ে বাংলাদেশ

ম্যাচের দুইদিন তলিয়ে গেছে বৃষ্টির পেটে। গতকাল তৃতীয় দিনে ব্যাট-বলের লড়াই শুরু হলেও সেটি পূর্ণতা পায়নি। শেষ বিকেলে বৃষ্টির বাধার কারণে গোটা দিনে ৭২.৪ ওভার খেলা হয়েছে। ওয়েলিংটনের সবুজ গালিচায় হারিয়ে গেছে ১২ উইকেট। ম্যাচের বাকি আছে আর মাত্র দুইদিন। আবহাওয়ার বৈরিতার সম্ভাবনা থাকলেও ওয়েলিংটন টেস্টে ফলাফল আসার প্রবল সুযোগ রয়েছে।

তামিম ইকবালের দুর্দান্ত হাফ সেঞ্চুরির পরও গতকাল টসে হেরে মাত্র দুই সেশন ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ। ৬১ ওভার ব্যাট করা বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ২১১ রানে। চা বিরতির পর বৃষ্টি নামার আগে আবু জায়েদ রাহীর বোলিং তোপে ১১.৪ ওভারে দুই উইকেটে ৩৮ রান তুলেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন ১০, রস টেইলর ১৯ রানে ব্যাট করছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের স্থায়িত্ব কম হওয়ায় বেসিন রিজার্ভে বাকি দুইদিনে ফলাফল আসার সম্ভাবনা জেগেছে।

ম্যাচে টিকে থাকতে বাংলাদেশের ভরসা এখন বোলাররা। আজ চতুর্থ দিনে আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমানরা যদি বল হাতে স্বাগতিক ব্যাটসম্যানদের চেপে ধরতে পারেন, তবেই চাপের বাঁধন ছিঁড়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ।

গতকাল সকালে টস হারা বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন তামিম-সাদমান। তাদের ৭৫ রানের জুটি ভাঙেন গ্র্যান্ডহোম। সাদমান ২৭ রান করেন। এরপর ওয়াগনারের তোপে মুমিনুল (১৫), মিঠুন (৩) ফিরেন। একপ্রান্ত আগলে ২৭তম হাফ সেঞ্চুরি করা তামিম ফিরেন ৭৪ রান করে। মিডল অর্ডারে সৌম্য (২০), মাহমুদউল্লাহ (১৩) উইকেটে থিতু হতে পারেননি। শেষদিকে লিটন ৩৩ রান করলেও দ্রুত তিন উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের লেজটা মুড়ে দেন বোল্ট। নিউজিল্যান্ডের ওয়াগনার চারটি, বোল্ট তিনটি করে উইকেট নেন।