‘বঙ্গবন্ধুর চেয়ার’ পদে উপাচার্যের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক বাড়ছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে যোগদান নিয়ে বিতর্ক আরো বাড়ছে। শনিবার আট সিন্ডিকেট সদস্যের উদ্বেগ জানানোর পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার দুপুরে এক লিখিত বক্তব্য পেশ করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরী। এসময় উদ্বেগ প্রকাশকারী শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন চবি উপাচার্য। বক্তব্যে উপাচার্য বলেন, গত ৭ মার্চ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা না নেওয়ার শর্তে আমি এ পদে দায়িত্ব গ্রহণ করি। এ বিষয়ে গুটিকয়েক সম্মানিত শিক্ষক গণমাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছেন। তারা বঙ্গবন্ধু চেয়ার পদে আমার যোগদানকে মেনে নিতে পারছেন না। এ বিশ্ববিদ্যালয়ে অতীতে প্রচলিত সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড, সুযোগ-সুবিধা প্রদান আমি বন্ধ করে দিয়েছি। এ কারণেই আমার বিরুদ্ধে কিছু শিক্ষকসহ কুচক্রীমহল সক্রিয় রয়েছে।

অন্যদিকে  বিবৃতিতে স্বাক্ষরকারী সিনেট সদস্য প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী গতকাল বলেন, বিভিন্ন মিডিয়ায় ‘বঙ্গবন্ধু চেয়ার’ সম্বন্ধে আমাদের বিবৃতিতে যেসব বক্তব্য তুলে ধরা হয়েছে উপাচার্য তার একটিও খন্ডন করতে পারেননি। কোনো গ্রহণযোগ্য সদুত্তর দিতে না পেরে তিনি এখন ভিত্তিহীন অভিযোগ এবং ব্যক্তিগত আক্রমণ করে দৃষ্টি অন্যত্র সরাবার বৃথা চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ৭ মার্চ বঙ্গবন্ধু চেয়ার উদ্বোধন ও এ পদে দায়িত্ব নেন উপাচার্য। সিন্ডিকেটের অনুমোদন ছাড়াই এ দায়িত্ব গ্রহণ নিয়ে ক্ষোভ দেখা দেয় শিক্ষকদের মধ্যে।