গাংনীতে যৌন হয়রানীর অভিযোগে কারাদণ্ড

ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে রাসেল আহমেদ (১৫) নামের এক বখাটের ১ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাওট গ্রামের ওই ছাত্রীর নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান। রাসেল আহমেদ গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের আনারুল ইসলামের ছেলে।
 
ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান জানান, বখাটে রাসেল আহমেদ সোমবার সকালের দিকে বাওট গ্রামে এসে জেএসসি পরীক্ষার্থী ওই ছাত্রীর হাত ধরে অসামাজিক কথা বলার চেষ্টা করে। ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা বখাটে রাসেলকে আটক করে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুফল কুমারের কাছে সোপর্দ করে।
 
পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।