ফুটবল মাঠে সহিংসতার জের ধরে বল মাঠে গড়ানোর আগেই চিলির প্রথম ডিভিশনের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। কোলোকোলো ও সান্তিয়াগো ওয়ান্ডারার্স এর সমর্থকরা রড, পাথর এমনকি আতশবাজি নিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়ায় ম্যাচটি স্থগিত করে কর্তৃপক্ষ।
একপর্যায়ে তারা মাঠের ভেতরও প্রবেশ করে। এতে খেলোয়াড়রাও আতঙ্কিত হয়ে মাঠ ছাড়তে চান। পরে অবশ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় বেশ কয়েকজন সমর্থক গুরুতর আহত হয়েছেন।
IMG0
অন্যদিকে সংঘর্ষের কারণে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও কোলো কোলো তাতে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। এ ম্যাচ জিতলে তাদের লিগ শিরোপা নিশ্চিত হতো। কিন্তু দিনের অপর ম্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী উইনিভারসিদাদ কাটোলিকা হেরে যাওয়ায় টুর্নামেন্ট শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে কোলো কোলোই।
IMG1
তবে শিরোপা জিতলেও সমর্থকদের সংঘর্ষে জড়ানোয় ব্যথিত হয়েছেন কোলো কোলো কোচ জোসে লুইস সিয়েররা। তিনি বলেন, এটি দুঃখজনক যে, সমর্থকরা তাদের ভালবাসার ফুটবলের জন্য অতিরিক্ত আবেগ দেখায়। এ ঘটনায় আসলে ফুটবলেরই পরাজয় হয়েছে। মিরর।