বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, এক সময় দেশে ব্যাপক হারে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করায় পাটের উপর দুর্যোগ নেমে এসেছিল। এখন মানুষ প্লাস্টিক বর্জন করেছে। তাই নতুন আইটেম ও নতুন ডিজাইন দিয়ে পাটজাত পণ্য তৈরি করতে হবে। আবারও দেশে পাটের সোনালি দিন ফিরে আসবে। রবিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতিমুক্ত। আমি নিজেও দুর্নীতি করবো না এবং অন্যকেও দুর্নীতি করতে দেব না। এখানে কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। নবীনবরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, বাংলাদেশ টেক্সটাইল মিলস করর্পোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান, নিটার অধ্যক্ষ ড. মিজানুর রহমান প্রমুখ।