বিএনপি নেতা রফিকুল ইসলাম গ্রেফতার

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে  আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক শেখ গোলাম মাহবুব এ রায় ঘোষণা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। রায় ঘোষণার সময় বিএনপি নেতা আদালতে হাজির ছিলেন না। এ রায়ের পর সন্ধ্যায় ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

২০০১ সালরে ৭ এপ্রিল তত্কালীন দুর্নীতি দমন ব্যুরো সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য রফিকুল ইসলামকে নোটিস দেয়। কিন্তু সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ২০০৪ সালের ১৫ জানুয়ারি তার বিরুদ্ধে উত্তরা থানায় মামলা হয়। তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে ব্যুরো। গত বছরের ১৪ নভেম্বর রফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় বিশেষ আদালত। রাষ্ট্রপক্ষের ছয় জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ রায় ঘোষণা করা হয়।