নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত মিজানুল ইসলাম খান (৪২) উপজেলার পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
মঙ্গলবার উপজেলাধীন বাংলা গ্রামে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের নতুন বাজারের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিজানুর স্কুল থেকে জেলা শহরের কুরপাড়ের বাসায় ফিরছিলেন। বিকালে উপজেলাধীন বাংলা গ্রামে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের নতুন বাজারের সামনে মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ওই সড়কে পড়ে যান শিক্ষক মিজানুল। এ সময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।