গণসচেতন হলেই সম্মিলিত শক্তির উত্থান ঘটে : সুলতানা কামাল

 

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, একে অন্যেরর সচেতনতা মিলে তৈরি হয় গণসচেতনতার। তখনই সম্মিলিত শক্তির উত্থান ঘটে। সেই সম্মিলিত শক্তি জন্ম দেয় স্বাধীন-সার্বভৌম সামাজিক সক্রিয়তা।

মঙ্গলবার দুপুরে ঢাবি লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম মিলনায়তনে আয়োজিত জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়াল  লেকচারে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।

‘বর্তমানের দর্পণে ইতিহাস ও ঐতিহ্যের  প্রতিফলন : নাগরিক  চেতনা’ শীর্ষক মেমোরিয়াল লেকাচারের আয়োজন করে ঢাবির ইতিহাস বিভাগ ও এম এ জি ওসমানী স্কলারশিপ ফান্ড।
 

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এ প্রজন্মকে শুধুমাত্র একাডেমিক সাফল্য নয়, ইতিহাস ঐতিহ্যের ধারক-বাহক হয়ে তার সঙ্গে সত্যের শক্তিতে বলীয়ান হতে হবে।

অনুষ্ঠানে ইতিহাস বিভাগের  স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১৯ শিক্ষার্থীকে বঙ্গবীর এম এ জি ওসমানী বৃত্তি, আঞ্জুমান মফিদুল ইসলাম বৃত্তি এবং ইতিহাস বিভাগ বৃত্তি দেয়া হয়। এ ছাড়া বিভাগের আইটি সেন্টারের বিভিন্ন ব্যাচের সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের সনদপত্র দেওয়া হয়।

বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এম এ জি ওসমানী স্কলারশিপ ফান্ডের চেয়ারম্যান অধ্যাপক শিরিন হোসেন ওসমানী প্রমুখ।