বান্ধবীকে ইচ্ছাকৃত খুনের দায়ে অভিযুক্ত হওয়ার পর জামিন পেলেন ‘ব্লেড রানার’ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াস। মঙ্গলবার জামিন পান তিনি।
গত সপ্তাহে নিম্ন আদালতের রায় পরিবর্তন করে পিস্টোরিয়াসের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের রায় দেয় দক্ষিণ আফ্রিকার উচ্চ আদালত। ফলে ১৮ এপ্রিল. ২০১৬ শুনানির পর সর্বনিম্ন ১৫ বছরের কারাদণ্ডের শাস্তি পেতে পারেন তিনি। অবশ্য বিচারকের সিদ্ধান্তের উপর তার শাস্তির বিষয়টি নির্ভর করবে। আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন তার আইনজীবী।
পিস্টোরিয়াস ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি প্রিটোরিয়ার তার নিজ বাসায় বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে খুন করেন। তবে দাবি করে আসছিলেন, বান্ধবীকে তিনি অনিচ্ছাকৃতভাবে গুলি করেন। অনিচ্ছাকৃত হত্যার দায়ে অভিযুক্ত করে তাকে পাঁচ বছর জেলও দেয় দক্ষিণ আফ্রিকার নিম্ন আদালত। এক বছর জেলে থাকার পর গত অক্টোবরে তার সাজা কমিয়ে গৃহ বন্দির রায় দিয়েছিল আদালত।
গত সপ্তাহে উচ্চ আদালতের রায়ের পর ২৯ বছর বয়সী পিস্টোরিয়াসের অ্যাথলেটিক্সে পূনরায় ফিরে আশার সম্ভাবনা এক রকম শেষ হয়ে যায়।-বিবিসি