স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যেভাবে জঙ্গিবাদ দমন করেছি, একইভাবে মাদকও নির্মূল করব। এজন্য জনগণকে আহ্বান জানাব— জঙ্গিবাদের বিপক্ষে যেভাবে আপনারা দাঁড়িয়েছিলেন, যুব সমাজকে বাঁচাতে মাদকের বিরুদ্ধেও একইভাবে দাঁড়ান। গতকাল রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই বলেন- বিনাবিচারে হত্যা করা হচ্ছে। আমি বলেছি, যেখানেই অবৈধ ব্যবসা সেখানেই অবৈধ অস্ত্র। অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতে সেখানে অবৈধ অস্ত্র রাখা হয়। এ কারণে সেখানে খুনাখুনি হয়। তিনি বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতেই হবে। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদক নিয়ন্ত্রণ অধিদফতরকে আমরা ঢেলে সাজিয়েছি। মাদকের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা দরকার। সেই টেকসই নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।