চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদত হোসেন সৌরভকে (০৯) গুলি করে হত্যার চেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আবারও বর্ধিত করেছে আদালত। গাইবান্ধার আমলি আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক মনিরুজ্জামান শিকদার গতকাল মঙ্গলবার ১৭ জানুয়ারি পর্যন্ত জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। এর আগে ২৪ দিন হাজত বাসের পর সংসদ অধিবেশনে যোগ দিতে গত ৮ নভেম্বর জামিন পান তিনি। গত ২৪ নভেম্বর তিনি আবারো আবেদন করলে জামিন ৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়। গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, উপজেলার গোপালচরণ এলাকায় ২ অক্টোবর এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় সৌরভ। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৪ দিন চিকিত্সা নিয়ে গত ২৬ অক্টোবর বাড়ি ফেরে সৌরভ । এ ঘটনায় সৌরভের বাবা ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে মামলা করেন।