গ্রুপ পর্বেই ছিটকে গেল ম্যানইউ

ভলফসবুর্গের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে সফল এই ক্লাবটিকে এখন ইউরোপা লিগ খেলতে হবে। 
 
চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে উঠতে মঙ্গলবারের এই ম্যাচে জিততে হতো লুইস ফন গালের দলকে। দশম মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্বস্তির সেই গোল এনে দেন অ্যান্থনি মার্শাল।  হুয়ান মাতার বাড়ানো বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে দূরের পোস্ট দিয়ে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড।
 
তিন মিনিট পরই সমতায় ফেরে ভলফসবুর্গ। ফ্রি-কিক থেকে ডান পায়ের ভলিতে গোল করেন নালদো। ২৯তম মিনিটে পর্তুগিজ ফুটবলার ভিয়েইরিনিয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে গোলটির মূল কৃতিত্ব জুলিয়ান ড্রাক্সলারের। তিন ডিফেন্ডারকে কাটিয়ে আন্দ্রে শুরলের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সে নি:স্বার্থভাবে ভিয়েইরিনিয়াকে বাড়ান জার্মানির তরুন এই উইঙ্গার।
 
IMG0
 
৩৯ মিনিটে ডি-বক্সের ভেতর দারুণ একটি সুযোগ পেয়েছিলেন ডাক্সলার। তবে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার নৈপুণ্যে গোল খাওয়া থেকে বেঁচে যায় অতিথিরা। বিরতির ঠিক আগে ইউনাইটেডের জেসি লিংগার্ড জালে বল ঢোকালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
 
দ্বিতীয়ার্ধে ম্যানইউ গোলরক্ষক নিশ্চিত দুইটি গোল নসাৎ করে দেওয়ার পর ৮২তম মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফিরিয়ে নক আউট পর্বের আশা টিকিয়ে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষ রক্ষা হয়নি।
 
IMG1
 
দুই মিনিট পরই নালদোর দ্বিতীয় গোলে নাটকীয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নক আউট পর্বে উঠে জার্মানির ক্লাব ভলফসবুর্গ। অন্য ম্যাচে সিএসকেএ মস্কোকে ২-১ গোলে হারানো পিএসভি ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে উঠে। ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড এখন খেলবে ইউরোপা লিগে। গোল.কম।