কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে দুই ‘শীর্ষ সন্ত্রাসীর’ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
তারা হলেন- কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় বসবাসকারী মোহাম্মদ আলমের ছেলে জাহিদুল ইসলাম সিফাত (২৮) ও শহিদুল ইসলাম আরফাত (২৪)।
ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এস.আই মিনহাজ মাহমুদ ভূইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হিমছড়ি ঢালা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেননি তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, সিফাত ও আরফাত শহরের শীর্ষ সন্ত্রাসী। আভ্যন্তরীণ বিরোধের জের ধরে সংঘর্ষে তরা খুন হয়েছের বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, কক্সবাজার সদর থানায় হত্যা, ডাকাতি, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ সিফাতের বিরুদ্ধে ২২টি মামলা ও আরফাতের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।