পানিতে ডুবেই শিশু নীরবের মৃত্যু: চিকিত্সক

 
পয়োনিষ্কাশন নালায় পড়ে যাওয়ার পর পানিতে ডুবেই শিশু ইসমাইল হোসেন নীরবের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিত্সক। বুধবার সকালে লাশের ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কাজী আবু শামা। পরে তিনি সাংবাদিকদের এই বিষয়ে তথ্য জানান।
 
কাজী আবু শামা বলেন, পানিতে ডুবেই নীরবের মৃত্যু হয়েছে। শরীরে গভীর কোনো ক্ষতের চিহ্ন নেই। শুধু গড়ানোর কারণে পেট, কপালে ও মুখে কিছু জখম রয়েছে।
 
তিনি জানান, নীরবের পাকস্থলিতে যে খাবার পাওয়া গেছে, তা পরীক্ষা করে মনে হয়েছে মৃত্যুর ঘণ্টাখানেক আগে খেয়েছিল শিশুটি। এছাড়া পেটে নর্দমার কিছু পানিও পাওয়া গেছে। তবে ম্যানহোলে পড়ার কতক্ষণ পর নীরবের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
 
এদিকে নীরবের বাবা রেজাউল করিম জানান, মাদারিপুরের কালকিনী উপজেলার বনগ্রামে তাদের গ্রামের বাড়িতে নীরবকে দাফন করা হবে।
 
কদমতলীর শ্যামপুর পালপাড়ায় মঙ্গলবার বিকাল চারটার দিকে বন্ধুদের সঙ্গে খেলার সময় ড্রেনে পড়ে যায় নীরব। খবর পেয়ে ঘটনাস্থল ও আশপাশের নালায়  তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বুড়িগঙ্গার তীরে আরেক নালার তারের জালে আটকে থাকা অবস্থায় অচেতন নীরবকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।