নেত্রকোনার ঠাকুরাকোনা রেলব্রিজে ট্রেনের ছাদ থেকে পড়ে ধনাইখালি নদীতে ডুবে যাওয়া কলেজ ছাত্র পিপুল মিয়ার (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নেত্রকোনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ময়মনসিংহের একটি ডুবুরি দলের সহায়তায় মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে পিপুল মিয়ার লাশটি উদ্ধার করেছে।
পিপল মিয়া মোহনগঞ্জ ডিগ্রী কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলি গড়া গ্রামে। তিনি মৃত বাচ্চু মিয়ার ছেলে।
নেত্রকোনা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত অফিসার নির্মল চন্দ্র সরকার জানান, সোমবার বিকালে পিপুল মিয়া কমিউটার ট্রেনের ছাদে চড়ে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জে যাওয়ার পথে অসাবধানতা বশত রেলব্রিজের পিলারে ধাক্কা লেগে নদীতে পড়ে যান। এলাকাবাসাী পানিতে নেমে সারাদিন খোঁজাখুজি করেও না পেয়ে মঙ্গলবার বিকালে নেত্রকোনা ফায়ার সার্ভিসে খবর দেয়। নেত্রকোনা ফায়ার সার্ভিসের দল ময়মনসিংহ থেকে ডুবুরি এনে নদীতে তল্লাশি চালিয়ে পানির তলদেশে ডুবে থাকা লাশটি উদ্ধার করতে সক্ষম হয়।