ছিটকে পড়লেন কোল্টার-নাইল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার থেকে হোবার্টে অনুষ্ঠিতব্য প্রথম টেস্টের দলে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান দলে অন্তর্ভূক্ত হয়েছেন ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। আর সে কারণে দল থেকে ছিটকে পড়েছেন ন্যাথান কোল্টার-নাইল।


২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ নিজের ১৩তম টেস্ট খেলেছিলেন প্যাটিনসন। ইনজুরি আক্রান্ত মিশেল স্টার্কের স্থানে সম্প্রতি দীর্ঘদিনের পিঠ ও হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে তিনি দলে ফিরেছেন। নতুন বলে এডিলেড টেস্টের ম্যাচ সেরা জোস হ্যাজেলউড ও পিটার সিডলের সাথে তিনি আক্রমণে নামবেন।


এ প্রসঙ্গে অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, আমি মনে করি সে যথেষ্ঠ উন্নতি করেছে। সত্যিকার অর্থেই যে ভাল বল করে এবং সুযোগ পাওয়াটা তার প্রাপ্য। এখন শুধু প্রয়োজন নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করা। হ্যাজেলউডের মতই সে বোলিং করে, আশা করছি এই দু’জন মিলে আমাদের বোলিং আক্রমণটা ভালই হবে।


এদিকে প্রাথমিকভাবে ১২ জনের দলে জায়গা হলেও শেষ পর্যন্ত আর মূল একাদশে টিকে থাকতে পারলেন না পশ্চিম অস্ট্রেলিয়ার পেসার কোল্টার-নাইল। কাঁধের ইনজুরির কারণে এখন পর্যন্ত ঘরোয়া শেফিল্ড শিল্ডের গ্রীষ্মকালীন আসরে কোনো ম্যাচ না খেললেও তার ওপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা।


অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, জো বার্নস, স্টিভ স্মিথ (অধিনায়ক), এডাম ভোগেস, শন মার্শ, মিশেল মার্শ, পিটার নেভিল, পিটার সিডল, জোস হ্যাজেলউড, জেমস প্যাটিনসন, ন্যাথান লিঁও।


দ্বাদশ ব্যক্তি: ন্যাথান কোল্টার-নাইল। বাসস