আগামী বাজেটে প্রত্যেক পরিবারে একটি করে চাকরি: অর্থমন্ত্রী

কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে আগামী অর্থবছরের বাজেট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী বাজেট হবে সংক্ষিপ্ত, কিন্তু টাকার অঙ্কে বড় হবে। বাজেট সবার জন্য হবে। সংক্ষিপ্ত বাজেট হলেও সবার কথা ঠাঁই পাবে বাজেটে। সামাজিক নিরাপত্তার বিষয়টি বাজেটে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রতিটা পরিবার যেন একটা করে চাকরি পায় সেই ব্যবস্থা থাকবে বাজেটে। প্রতিটা পরিবারে কীভাবে চাকরির ব্যবস্থা করা হবে সেটা সময় হলেই আপনারা দেখবেন, এখনই এ বিষয়ে কিছু বলব না।

আগামী ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রাক-বাজেট আলোচনা গতকাল অনুষ্ঠিত হয়। আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে পলিসি রিচার্স ইনস্টিটিউট (পিআরআই), ইকোনোমিক রিচার্স গ্রুপ (ইআরজি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর অর্থনীতিবিদরা অংশ নেন। পরে রাতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে কথা কম থাকবে কিন্তু কাজের কথা বেশি থাকবে। যেমন সিঙ্গাপুর ১৮ পাতার বাজেট দেয়, আমরাও ছোট কথার বাজেট পেশ করব। বাজেটের কথা হবে সহজ, যাতে করে দেশের সকল মানুষ বুঝতে পারেন। বাজেট হবে প্রবৃদ্ধিবান্ধব, কর্মসংস্থানবান্ধব। প্রাধান্য পাবে রফতানি ও দারিদ্র্য বিমোচন।