রাজধানীর টিকাটুলির ইত্তেফাক মোড়ে গাড়ির ধাক্কায় সুদেব দাস (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকাল নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় বন্ধন পরিবহনের একটি বাসের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকাল চারটার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত কিশোরের কাকা অরুণ দাশ জানান, সুদেব পল্টনে আজাদ প্রোডাক্টসে কাজ করত। সকালে যাত্রাবাড়ীর গোলাপবাগের বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। সুদেবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হরেশপুর গ্রামে।