বাগেরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমানের পক্ষে কাজ না করে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ায় জেলা ছাত্রলীগের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস সানিকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
সানিকে অব্যাহতি দিয়ে জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সানি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়ে জ্যেষ্ঠ সহসভাপতি মো. মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি চিরঞ্জীব বিশ্বাস বলেন, অব্যাহতির খবর শুনেছি। কিন্তু কেন্দ্র থেকে পাঠানো চিঠি এখনো হাতে পাইনি।