বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের অদূরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় আটককৃত মিয়ানমারের ৯২ জেলেকে বুধবার টেকনাফ থানায় হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও জব্দকৃত ১২টি ফিশিং ট্রলার, বিপুল পরিমাণ মাছ এবং জাল টেকনাফ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
গত মঙ্গলবার সকালে নৌবাহিনী জাহাজ ‘ধলেশ্বরী’ বঙ্গোপসাগরে নিয়মিত টহল প্রদানকালে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মায়ানমারের ১২টি ট্রলারসহ ৯২ জেলেকে আটক করে। এ সময় ট্রলারগুলো হতে বিপুল পরিমাণ মাছ ও জাল জব্দ করা হয়। আটককৃত ট্রলার, মাছ ও জালের আনুমানিক মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ধলেশ্বরী বঙ্গোপসাগরের নিজস্ব জলসীমায় নিয়মিত টহল প্রদানকালে সেন্টমার্টিনেরর দক্ষিণ পশ্চিমে ফিশিং ট্রলারগুলির গতিবিধি সন্দেহজনক হলে ধাওয়া করে। পরে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মায়ানমারের ৯২ জন জেলেসহ ১২টি ট্রলার আটক করা হয়। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে আটককৃত এটি একটি উল্লেখযোগ্য সাফল্য।