সংসদে পররাষ্ট্রমন্ত্রী

সৌদির সঙ্গে সেনা মোতায়েন সংক্রান্ত চুক্তি হয়নি

সৌদি আরবে বাংলাদেশের সৈন্য মোতায়েনসংক্রান্ত কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, দু্ই দেশের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এই স্মারকে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ না নেয়ার দৃঢ় প্রত্যয় আছে। এই সমঝোতা স্মারকের ফলে দেশের সংবিধানের ২৫ অনুচ্ছেদের লঙ্ঘনের প্রশ্নই আসে না।

রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে সংসদে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাতীয় পাটি-জাপার ফখরুল ইমাম। তাঁরা বলেছিলেন, এই চুক্তি সংবিধানের ২৫ অনুচ্ছেদের লঙ্ঘন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র। ধর্মীয় অনুভূতির কারণে বাংলাদেশের জনগণের কাছে সৌদি আরবের গুরুত্ব অত্যধিক। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ সৌদি আরবের এক সহযোগী বন্ধু। এ ছাড়া পবিত্র মক্কা, মদিনার ওপর কোনো ধরনের হুমকি মোকাবিলায় সৌদি আরবের অনুরোধের পরিপ্রেক্ষিতে সহযোগিতার হাত বাড়াতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।